লাইফস্টাইল ডেস্ক
শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে পড়ে রুক্ষ ও খসখসে। ত্বকের এই শুষ্কতা কমাতে অনেকেই নিয়মিত তেল মালিশ করেন। তবে শুধু তেল ব্যবহার করলেই হবে না, কখন এবং কীভাবে তেল মাখছেন, সেটিও গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের মতে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে গোসলের পরপরই তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করা বেশি কার্যকর।
গোসলের সময় ত্বকের স্বাভাবিক তেল কিছুটা কমে যেতে পারে। গোসলের পর ত্বক পুরোপুরি শুকিয়ে যাওয়ার আগেই তেল বা ময়েশ্চারাইজার লাগালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। এ কারণে গোসলের আগে তেল মাখার চেয়ে গোসলের পর ভেজা বা সামান্য স্যাঁতসেঁতে ত্বকে তেল ব্যবহার করা ভালো।
ঢাকার ইউনাইটেড হাসপাতালের ক্লিনিক্যাল অ্যান্ড অ্যাসথেটিক ডার্মাটোলজি বিভাগের কনসালট্যান্ট ডা. সিনথিয়া আলমের মতে, গোসলের ঠিক পরপরই ত্বক ভেজা থাকতে তেল মালিশ করলে বেশি উপকার পাওয়া যায়। তেল মালিশের জন্য রাতের সময়টিও ভালো। রাতে গোসল করলে ঘুমানোর আগে তেল ব্যবহার করা যেতে পারে।
তবে তেল মাখার পরপরই বাইরে যাওয়া ঠিক নয়। এতে ত্বকে ধুলাবালু আটকে যেতে পারে। দিনের বেলা বাইরে যেতে হলে শরীরের পোশাকে ঢাকা অংশে তেল ব্যবহার করা যেতে পারে। মুখে বা শরীরের খোলা অংশে তেল ব্যবহারের পর বাইরে গেলে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষার জন্য সানস্ক্রিন ব্যবহার জরুরি।
যেভাবে তেল মালিশ করবেন
তেল মালিশের সময় অল্প পরিমাণ তেল নিয়ে আলতো হাতে বৃত্তাকারভাবে ম্যাসাজ করতে পারেন। ত্বকে অতিরিক্ত তেল ব্যবহারের প্রয়োজন নেই। মুখে তেল ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দরকার। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত বা ব্রণপ্রবণ, তাঁদের ভারী তেল ব্যবহার করলে ব্রণ বাড়তে পারে।
গোসলের সময় অতিরিক্ত গরম পানি ব্যবহার না করাই ভালো। পাঁচ থেকে ১০ মিনিটের মধ্যে গোসল শেষ করে নরম তোয়ালে দিয়ে শরীর আলতোভাবে মুছে নিতে পারেন। ত্বক সামান্য ভেজা থাকতেই তেল বা উপযুক্ত ময়েশ্চারাইজার ব্যবহার করলে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।
কোন তেল বেছে নেবেন
ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী তেল বেছে নেওয়া জরুরি। একেক ধরনের তেলের বৈশিষ্ট্য একেক রকম।
নারকেল তেল ত্বকের শুষ্কতা কমাতে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করতে পারে। তবে যাঁদের ত্বক ব্রণপ্রবণ, তাঁদের মুখে নারকেল তেল ব্যবহারে সতর্ক থাকা উচিত। কারও কারও ক্ষেত্রে এটি লোমকূপ বন্ধ করে ব্রণ বাড়াতে পারে।
আমন্ড বা বাদাম তেলে ভিটামিন ই রয়েছে। এটি ত্বক নরম রাখতে সহায়ক হতে পারে। তবে বাদামে অ্যালার্জি থাকলে এ ধরনের তেল ব্যবহার করা উচিত নয়। নতুন কোনো তেল ব্যবহারের আগে ত্বকের ছোট একটি অংশে লাগিয়ে প্রতিক্রিয়া হচ্ছে কি না, তা দেখে নেওয়া ভালো।
তিলের তেলও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ব্যবহার করা হয়। তবে সংবেদনশীল ত্বকে কোনো তেল ব্যবহারের পর জ্বালাপোড়া বা চুলকানি হলে তা ব্যবহার বন্ধ করতে হবে।
অলিভ অয়েল বা জলপাই তেলও অনেকে ত্বকের যত্নে ব্যবহার করেন। তবে এটি সবার ত্বকের জন্য সমান উপযোগী নয়। ত্বকের ধরন অনুযায়ী উপযুক্ত তেল বা ময়েশ্চারাইজার বেছে নেওয়াই ভালো।
তৈলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে জোজোবা তেলের মতো হালকা তেল বিবেচনা করা যেতে পারে। তবে নতুন কোনো তেল মুখে ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। সুগন্ধিযুক্ত বা ঘন তেল সংবেদনশীল ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে।
একজিমা বা সোরিয়াসিসের মতো সমস্যায় ত্বক শুষ্ক হয়ে গেলে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার উপকারী হতে পারে। তবে এসব সমস্যার চিকিৎসার বিকল্প হিসেবে তেল ব্যবহার করা উচিত নয়। একইভাবে দাদ বা অন্য কোনো ছত্রাকজনিত সংক্রমণে আক্রান্ত স্থানে তেল মাখাকে চিকিৎসা হিসেবে নেওয়া ঠিক নয়। এ ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শিশুদের ত্বকে তেল ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। বিশেষ করে তেল মেখে শিশুদের রোদে নেওয়া উচিত নয়। নতুন কোনো তেল ব্যবহারের আগে শিশুর ত্বকে অ্যালার্জি বা অস্বস্তি হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে।
সবশেষে মনে রাখতে হবে, ত্বকের যত্নে নিয়মিত আর্দ্রতা ধরে রাখা জরুরি। তবে সবার ত্বক এক রকম নয়। তাই ত্বকের ধরন বুঝে উপযুক্ত তেল বা ময়েশ্চারাইজার বেছে নেওয়াই সবচেয়ে ভালো।

