বিনোদন ডেস্ক
কলম্বিয়ার রাজধানী বোগোটায় একটি সংগীত উৎসবে ইসরায়েলি পতাকা পায়ে মাড়িয়ে ফিলিস্তিনের সমর্থনে স্লোগান দিয়েছেন র্যাপার চেলো হপ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ভিভিয়ান আইসেন।
গত ২৪ অক্টোবর বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে অনুষ্ঠিত ‘হিপ হপ আল পারকে’ উৎসবে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে পরিবেশনার সময় চেলো হপ ইসরায়েলি পতাকা পায়ে মাড়ান এবং ‘পালেস্তিনা লিব্রে’ বলে স্লোগান দেন। স্প্যানিশ ভাষায় এ কথার অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
ঘটনাটির প্রতিক্রিয়ায় ইসরায়েলের রাষ্ট্রদূত ভিভিয়ান আইসেন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানান। তিনি বোগোটার নগর কর্তৃপক্ষ ও কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি প্রকাশ্যে এ ঘটনার নিন্দা জানানোর আহ্বান জানান।
ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে র্যাপারের এই প্রতিবাদ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এ ঘটনায় কলম্বিয়ার কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

