নিজস্ব প্রতিবেদক
বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের আরও দুজন বিশিষ্ট নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রোহিঙ্গা অধিকারকর্মী রাজিয়া সুলতানা।
শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত তালিকাটির ১৮তম বার্ষিক সংস্করণে তারেক রহমানকে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে দলটি। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।
প্রকাশনায় তারেক রহমানের রাজনৈতিক জীবন, বিএনপির নেতৃত্ব এবং দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত থাকার পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টি তুলে ধরা হয়েছে। তালিকায় তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশের রাজনীতিতে তাঁর প্রভাবের ভিত্তিতে।
এবারের তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে স্থান পেয়েছেন মানবাধিকারকর্মী ও গবেষক ড. হামিদা হোসেন। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার, মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।
একই বিভাগে রয়েছেন রোহিঙ্গা আইনজীবী ও মানবাধিকারকর্মী রাজিয়া সুলতানা। রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, বিশেষ করে শরণার্থী নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন সহিংসতা ও মানবপাচারের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার জন্য পরিচিত তিনি।
‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে ‘ম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পুরুষ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের গাজার কামাল আদওয়ান হাসপাতালের সাবেক পরিচালক ও শিশু চিকিৎসক ড. হুসাম আবু সাফিয়া। অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা নারী নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী ব্যক্তিদের নিয়ে এ তালিকা তৈরি করা হয়। তালিকার প্রথম ৫০ জনকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট র্যাঙ্কিং ছাড়াই রাজনীতি, ধর্মতত্ত্ব, সামাজিক বিষয়াবলি, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
এবারের সংস্করণে বাংলাদেশের তিনজনই র্যাঙ্কিংবিহীন ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন। ফলে তাঁদের কারও জন্য নির্দিষ্ট অবস্থান বা ক্রমিক নম্বর উল্লেখ করা হয়নি।

