বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই ই-মেইলে জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। শুক্রবার সকালে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্যান্য কর্মকর্তাদের দপ্তরে পাঠানো একটি ই-মেইলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এর পর থেকেই নড়েচড়ে বসেছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের একটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হুমকির ই-মেইলে ওই দিন কনসার্টস্থলে বোমা বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়। এছাড়া ওই ই-মেইলে বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে বোমা বিস্ফোরণ এবং ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকিও দেওয়া হয়েছে। পাঠানো ওই ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ব্যবহার করা হয়েছিল।
মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানান, হুমকির বিষয়টি পাওয়ার পরপরই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। বিএমসি কার্যালয়সহ ই-মেইলে উল্লেখিত দাদর এলাকার কয়েকটি স্কুলেও তল্লাশি চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তল্লাশিতে সন্দেহজনক বা বিপজ্জনক কিছু পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, এর আগেও গত ২০ মার্চ মুম্বাই প্রেসক্লাবে একই ধরনের একটি হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল। সে সময় ভবনটিতে বিষাক্ত গ্যাসভর্তি বোমা রাখার দাবি করা হয়েছিল। বর্তমান ঘটনার সঙ্গে আগের ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার সেল ও গোয়েন্দারা যৌথভাবে কাজ করছেন।

