বিনোদন ডেস্ক
চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদান ও অভিনয়-প্রযোজনায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন হলিউড তারকা টম ক্রুজ। যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) ৫২তম লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে তাঁকে।
বুধবার (২১ অক্টোবর) এএফআইয়ের পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়। আগামী ২৪ এপ্রিল ২০২৭, শনিবার, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে এক বিশেষ অনুষ্ঠানে ক্রুজের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন তারকা। অভিনেতা ও প্রযোজক হিসেবে প্রতিটি কাজে তাঁর অসাধারণ নিষ্ঠা রয়েছে। চলচ্চিত্রের প্রতি তাঁর গভীর বিশ্বাস এবং সিনেমা মানুষকে একত্র করতে পারে—এ ধারণার প্রতি তাঁর আস্থা বিশেষভাবে প্রশংসনীয়। এই আবেগ তাঁকে বিশ্বজুড়ে আমেরিকান চলচ্চিত্রের একজন অসাধারণ প্রতিনিধি করে তুলেছে।
পাঁচ দশকের বেশি সময় ধরে অভিনয় ও প্রযোজনার সঙ্গে যুক্ত টম ক্রুজ। ‘টপ গান’, ‘রেইন ম্যান’, ‘আ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’, ‘দ্য লাস্ট সামুরাই’ এবং ‘মিশন: ইমপসিবল’ সিরিজের মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা বিভাগে অস্কার মনোনয়ন পান ক্রুজ। ‘ম্যাগনোলিয়া’ সিনেমার জন্য মনোনীত হন সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে। ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার প্রযোজক হিসেবেও সেরা চলচ্চিত্র বিভাগে অস্কার মনোনয়ন পান তিনি। ২০২৫ সালে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ একাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডসে সম্মানসূচক অস্কার পান এই অভিনেতা।
এএফআইয়ের লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড চলচ্চিত্রে দীর্ঘমেয়াদি অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। এর আগে এ সম্মাননা পেয়েছেন এডি মারফি, ফ্রান্সিস ফোর্ড কপোলা, নিকোল কিডম্যান, জুলি অ্যান্ড্রুজ ও ডেনজেল ওয়াশিংটনের মতো তারকারা।
বর্তমানে আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত ‘ডিগার’ সিনেমায় অভিনয় করছেন ক্রুজ। এএফআইয়ের তথ্য অনুযায়ী, তাঁর অভিনীত ও প্রযোজিত সিনেমাগুলো বিশ্বজুড়ে প্রায় ১৩ বিলিয়ন ডলার আয় করেছে।

