নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তাদের এক বন্ধু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে গেছেন চালক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে রূপগঞ্জের সুলপিনা ভুঁইয়াবাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাঞ্চনগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সঙ্গে বাঘবেরগামী মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত দুই শিক্ষার্থী হলো রূপগঞ্জ ইউনিয়নের আলমপুর দীঘিরপাড় গ্রামের আক্তার মিয়ার ছেলে রুদ্র মিয়া (১৬) এবং দক্ষিণবাগ বেইলারটেক গ্রামের কামাল হোসেনের ছেলে ইয়ামিন (১৫)। রুদ্র ভুঁইয়াবাড়ি ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং ইয়ামিন বাঘবেড় আইডিয়াল হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ত।
আহত শ্রাবণ মিয়া (১৯) রাজধানীর বাড্ডা এলাকার জিল্লুর রহমানের ছেলে। তিনি রূপগঞ্জের বাঘবের সিডিমার্কেট এলাকায় তাঁর ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিন বন্ধু মিলে পূর্বাচলে ঘুরতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, তিন বন্ধু একটি নিবন্ধনহীন মোটরসাইকেলে করে পূর্বাচলে ঘুরতে বের হয়েছিল। একপর্যায়ে ভুঁইয়াবাড়ি ব্রিজের পশ্চিম পাশে সার্ভিস লেন দিয়ে উল্টো পথে যাওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুদ্র ও ইয়ামিন নিহত হয়। শ্রাবণ গুরুতর আহত হয়।
কাঞ্চন হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রাবণকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় জড়িত ট্রাক ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি।

