নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রোববার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন ব্যক্তি তাঁর টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, জমি রেজিস্ট্রি করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে পুরো টাকা মেয়ের জামাতা মাসুমের কাছে বুঝিয়ে দেন।
টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন মাসুম। আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাইভেট কারে আসা তিন থেকে চারজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মাসুমকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যান।
বরকত উল্লাহ আরও জানান, ছিনতাইকারীদের ধাক্কায় মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জমি রেজিস্ট্রি করার জন্যই ব্যাংক থেকে ওই টাকা তোলা হয়েছিল। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

