নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে লোহা গলানোর চুল্লি বা বাট্টি বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আবির (৩০) নামে এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার তারাব পৌরসভার বরপা-আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় ও একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।
দগ্ধ অন্য শ্রমিকরা হলেন নাবির (২৫), নাজমুল (৩০) ও রকিব (২৫)। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে স্থানীয় ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর আহত আবিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, রাতে হঠাৎ রোলিং মিলের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে চার শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লোহা গলানোর চুল্লি লিক হয়ে গরম বা গলিত মালামাল নিচে পড়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, আড়িয়াব এলাকায় একটি রোলিং মিলে বাট্টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

