দেশের প্রশাসনিক কাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে নতুন উপজেলা ও থানা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুমোদন পাওয়া নতুন তিনটি উপজেলা হলো ফটিকছড়ি উত্তর, বাঙ্গরা এবং দক্ষিণ গফরগাঁও। একই সঙ্গে হালদা থানা নামে একটি নতুন থানা গঠনেরও অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রশাসনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠন করা হয়েছে।
নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা। কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি অংশ নিয়ে গঠিত হয়েছে বাঙ্গরা উপজেলা। অন্যদিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে দক্ষিণ গফরগাঁও উপজেলা।
এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারী থানার একটি অংশ পৃথক করে নতুন হালদা থানা গঠন করা হয়েছে, যা স্থানীয় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতাভুক্ত নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অংশগুলো প্রশাসনিকভাবে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হবে।
নিকারের বৈঠকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

