প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকের বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের দুই প্রধানমন্ত্রীর মধ্যে আলোচনার গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব নেতা।
দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হতে পারে। কথাবার্তার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক ও যোগাযোগ রয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান হবে বলে তিনি আশাবাদী। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক নয়, বরং ইতিবাচক দিকই বেশি বলে মন্তব্য করেন ভারতীয় হাইকমিশনার।

