প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়কের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন। ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পর্যবেক্ষণ করেন তিনি।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে গুলশানের বাসভবন থেকে বের হয়ে প্রধানমন্ত্রী প্রায় আড়াই ঘণ্টা রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়ক পরিদর্শন করেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
তিনি জানান, বিকেল ৪টা ৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে বের হন প্রধানমন্ত্রী। পরিদর্শনের সময় শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত ও শেওড়াপাড়াসহ বিভিন্ন এলাকার সড়ক ঘুরে দেখেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে তার গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে। মাগরিবের নামাজের সময় তিনি বাসভবনে ফিরে যান।
জাহিদুল ইসলাম রনি বলেন, প্রধানমন্ত্রী বারবার রাজধানী ঢাকাকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার কথা বলেছেন। সেই লক্ষ্যেই তিনি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

