দেশব্যাপী মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষাঙ্গনে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে শিক্ষার্থীদের শৈশব থেকেই পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে সম্পৃক্ত করার উদ্যোগ হিসেবেও এটি বিবেচিত হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে মোট পাঁচ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সবুজ পরিবেশ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই কর্মসূচি কার্যকর ভূমিকা পালন করবে।

