বিনোদন ডেস্ক
মুক্তির সাত বছর পরও কমেনি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর দাপট। নতুন করে প্রেক্ষাগৃহে মুক্তির পর জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’-কে পেছনে ফেলে আবারও বিশ্ব বক্স অফিসের সর্বোচ্চ আয়কারী সিনেমার জায়গা দখল করেছে মার্ভেলের বহুল আলোচিত এই সিনেমা।
রোববার (৪ অক্টোবর) পর্যন্ত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর বৈশ্বিক আয় দাঁড়িয়েছে আনুমানিক ২ দশমিক ৯২৫৫ বিলিয়ন মার্কিন ডলারে। অন্যদিকে ‘অ্যাভাটার’-এর মোট আয় ২ দশমিক ৯২৩৭ বিলিয়ন ডলার। ফলে প্রায় ১৮ লাখ ডলারের ব্যবধানে শীর্ষস্থান ফিরে পেয়েছে ‘এন্ডগেম’।
আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ নিয়ে দর্শকদের আগ্রহ বাড়াতে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’ নামে সিনেমাটি পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। এই পুনর্মুক্তিই সিনেমাটিকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাভাটার’-কে ছাড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
পুনর্মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে ‘এন্ডগেম’ আয় করেছে ৪ দশমিক ৪ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১৪ দশমিক ৪ মিলিয়ন ডলার।
২০১৯ সালে প্রথম মুক্তির পর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ বিশ্ব বক্স অফিসে ‘অ্যাভাটার’-এর রেকর্ড ভেঙেছিল। পরে ২০২১ সালে পুনর্মুক্তির মাধ্যমে ‘অ্যাভাটার’ আবার শীর্ষস্থান ফিরে পায়। ২০২৬ সালে ‘এন্ডগেম এনকোর’-এর নতুন প্রদর্শনীর মাধ্যমে আবারও শীর্ষে উঠল মার্ভেলের সিনেমাটি।
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর এই পুনর্মুক্তি আসন্ন ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার প্রচারণার সঙ্গেও যুক্ত। ‘ডুমসডে’ ২০২৬ সালের ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

