বিনোদন ডেস্ক
উপমহাদেশের কালজয়ী সংগীতসাধক ও ‘শাহেনশাহ-ই-কাওয়ালি’ হিসেবে পরিচিত উস্তাদ নুসরাত ফতেহ আলী খানের ৭৭তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। ১৯৪৮ সালের ১৩ অক্টোবর তৎকালীন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে (সাবেক লায়ালপুর) এক ঐতিহ্যবাহী সংগীত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
কাওয়ালি ঘরানার প্রায় ছয় শ বছরের পারিবারিক ঐতিহ্যের উত্তরাধিকার বহনকারী এই গুণী শিল্পী দক্ষিণ এশিয়ার সুফি সংগীতকে বিশ্বমঞ্চের মর্যাদাপূর্ণ স্থানে পৌঁছে দিতে মুখ্য ভূমিকা পালন করেন। তাঁর স্বতন্ত্র গায়কি, সুরের বৈচিত্র্য এবং দীর্ঘ সময় ধরে উচ্চমার্গীয় কাওয়ালি পরিবেশনের অনন্য সক্ষমতা বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত হয়।
আন্তর্জাতিক সংগীত পরিমণ্ডলে তিনি পাশ্চাত্য ধারার খ্যাতিমান শিল্পীদের সঙ্গে যৌথভাবে কাজ করেন এবং প্রচলিত কাওয়ালির পাশাপাশি আধুনিক ফিউশন তৈরি করে সুফি সংগীতকে নতুন মাত্রায় উপস্থাপন করেন। সংগীত জগতে সর্বোচ্চ সংখ্যক অ্যালবামের রেকর্ড গড়ে তিনি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম অন্তর্ভুক্ত করেন।
সংগীত সাধনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রখ্যাত শিল্পী দেশ-বিদেশের নানা সম্মাননায় ভূষিত হন। ১৯৯৭ সালের ১৬ আগস্ট মাত্র ৪৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁর সৃষ্ট গান ও সুর এখনো বিশ্বজুড়ে কোটি কোটি সংগীতপ্রেমীর হৃদয়ে অমলিন রয়েছে।

