স্পোর্টস ডেস্ক
আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আগামীকাল থেকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ দিয়েই প্রস্তুতির নতুন পর্ব শুরু করতে যাচ্ছে টাইগাররা।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করাই দুই দলের লক্ষ্য।
২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত চারটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। এবার বিশ্বকাপের আগে নিজেদের সামর্থ্য যাচাই এবং দলীয় সমন্বয় আরও শক্তিশালী করার সুযোগ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছে বাংলাদেশ।
সিরিজে ভালো করার প্রত্যাশা জানিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন। আবুধাবিতে অনুশীলন শেষে তিনি বলেন, ত্রিদেশীয় সিরিজ জিততে পারলে বিশ্বকাপ ও এশিয়া কাপে ভালো করার ক্ষেত্রে দল আত্মবিশ্বাস পাবে। প্রথম লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া উল্লেখ করে তিনি বলেন, এর আগে লিগ পর্বের দুই ম্যাচেই জয় পেতে হবে।
মোসাদ্দেক আরও বলেন, প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে বাংলাদেশের। দলগতভাবে ভালো খেলতে পারলে শিরোপা জেতা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিকদের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতেছিল বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ডিএলএস পদ্ধতিতে ৫ উইকেটে জয় পায় দলটি। ওই ম্যাচে ২৭ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন মোসাদ্দেক।
সেই সাফল্য এবারও অনুপ্রেরণা জোগাচ্ছে বলে জানান এই ব্যাটার। তাঁর আশা, ত্রিদেশীয় সিরিজে ভালো করতে পারলে দল হিসেবে বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বাড়বে।
বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। সহ-অধিনায়ক তাওহিদ হৃদয়। দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে আবুধাবিতে। ১৯ অক্টোবর আফগানিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। ২১ অক্টোবর শারজায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লিগ পর্ব শেষে ২৩ অক্টোবর শারজায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

