শুক্রবার, মে ১৫, ২০২৬

নিজস্ব সংবাদদাতা

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে নারায়ণগঞ্জের কোরবানির পশুর খামারগুলোতে জমে উঠেছে বেচাকেনার প্রস্তুতি। এবার সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে জেলার পাইকপাড়া এলাকার রাবেয়া অ্যাগ্রো ফার্মে এক গোলাপি মহিষ। প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। বিরল গোলাপি বর্ণের, বিশাল গঠন আর কপালের লম্বা সোনালি চুলের কারণে মহিষটি এখন স্থানীয়দের কৌতূহলের কেন্দ্রে পরিণত হয়েছে।

বুধবার (১৩ মে) সরেজমিনে রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে দেখা যায়, খামারে প্রবেশ করেই দর্শনার্থীদের ভিড় জমছে মহিষটির সামনে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার অনেকে শুধু এক নজর দেখতে এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ছবি ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির অদ্ভুত রঙ ও চুলের স্টাইলের কারণে অনেকেই একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করে নামকরণ করেছেন।

খামারের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, গত বছরের কোরবানির ঈদের পর রাজশাহীর একটি পশুর হাট থেকে মহিষটি সংগ্রহ করা হয়। দীর্ঘ এক বছর বিশেষ যত্নে লালন-পালনের পর এবার ঈদের আগেই এটি বিক্রি হয়ে গেছে। লাইভ ওয়েট অনুযায়ী প্রতি কেজি ৫৫০ টাকা দরে মোট ৩ লাখ ৮৫ হাজার টাকায় ঢাকার এক সৌখিন ক্রেতার কাছে মহিষটি বিক্রি করা হয়েছে। তবে ক্রেতার অনুরোধে ঈদের কয়েক দিন আগ পর্যন্ত মহিষটি খামারেই রাখা হবে।

খামারের কর্মচারী জুবায়ের বলেন, খামারে ‘তুফান’, ‘ডাকাত’ বা ‘মাস্তান’ নামের আরও বড় গরু থাকলেও মানুষের আকর্ষণের কেন্দ্র এখন এই গোলাপি মহিষটি। দর্শনার্থীরা মূলত এটিকেই দেখতে বেশি আগ্রহ দেখাচ্ছেন। তার ভাষায়, “এত মানুষ আগে কোনো পশু দেখতে আসেনি।”

পরিচর্যাকারী আহাদ জানান, মহিষটিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময় অনুযায়ী দুই বেলা খাবার দেওয়া হয়। খাদ্যতালিকায় রয়েছে ভুট্টা, সয়াবিন, খইল, গমের ভুসি, ধানের কুঁড়া, খড় ও সবুজ ঘাস। স্বাস্থ্য ঠিক রাখতে নিয়মিত পরিচর্যা ও চিকিৎসাও নিশ্চিত করা হয়েছে।

মহিষটি দেখতে আসা নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা মাহবুবুর রহমান বলেন, ফেসবুকে ভিডিও দেখেই খামারে এসেছেন। কাছ থেকে দেখে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, “এমন রঙের মহিষ আগে কখনও দেখিনি।”

তবে প্রাণিবিজ্ঞানীদের বিশ্লেষণ অনুযায়ী, এটি বিরল কোনো প্রজাতি নয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল মান্নান জানান, মহিষটি মূলত এলবিনো জাতের। শরীরে মেলানিন বা রঞ্জক পদার্থের ঘাটতির কারণে প্রাণীর গায়ের রঙ সাদা কিংবা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে। এ ধরনের প্রাণী খুব বেশি দেখা না গেলেও এটি অস্বাভাবিক কিছু নয়।

রাবেয়া অ্যাগ্রো ফার্মে এবার কোরবানির জন্য প্রায় ২০০টি পশু প্রস্তুত করা হয়েছে। তবে সব আকর্ষণকে ছাপিয়ে সবার নজর কেড়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের সেই গোলাপি মহিষ। কোরবানির বাজারে ভিন্নধর্মী পশুর প্রতি মানুষের আগ্রহ যে দিন দিন বাড়ছে, নারায়ণগঞ্জের এই আলোচিত মহিষটি তারই নতুন উদাহরণ হয়ে উঠেছে।

Share.
Exit mobile version