নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লার চানমারী মাউড়াপট্টি এলাকায় নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টার দিকে তার পরিচালিত “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ ঘটনা ঘটে। নিহত নাছির ওই এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে “ফ্রেন্ডস ক্যাবল” নামে ডিশ ও ক্যাবল সংযোগের ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ঘটনাস্থলের পাশের একটি বাড়ি থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো দুপুরেও নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দ্রুত তাকে খানপুর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আলাউদ্দিন জানান, ঘটনার পর রক্তমাখা ছুরি হাতে কালো পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দ্রুত মাইক্রোস্ট্যান্ডের দিকে চলে যেতে দেখেছেন।
এ বিষয়ে ওসি মাহাবুব আলম বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার পেছনের কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

