নিজস্ব সংবাদদাতা
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার সঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য সময়সূচিকে যুক্ত করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হয়েছে বলে জানিয়েছে বাংলাফ্যাক্ট। প্রতিষ্ঠানটির এক বিশ্লেষণে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপের সম্ভাব্য ১৩ ডিসেম্বরের ভোটের সঙ্গে শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তনের সময়কে মিলিয়ে একটি বয়ান তৈরি করেছে।
বাংলাফ্যাক্টের প্রতিবেদনে বলা হয়, নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের জন্য যে সময়সূচি প্রকাশ করেছিল, সেটি ছিল সম্ভাব্য ও প্রাথমিক পরিকল্পনা। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর এবং দ্বিতীয় ধাপের ভোট ১৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে পরবর্তী সময়ে এই সময়সূচি পুনর্বিবেচনার কথা জানানো হয়।
বাংলাফ্যাক্ট বলছে, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার নীতিগত সিদ্ধান্ত থাকলেও নির্দিষ্ট ভোটের তারিখ চূড়ান্ত হয়নি। শিক্ষা কার্যক্রম, রোজা এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি বিবেচনায় নিয়ে নির্বাচন আয়োজনের সময় নতুন করে নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
প্রতিষ্ঠানটির দাবি, এই অবস্থায় ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সীমার একটি তারিখকে শেখ হাসিনার ফেরার সম্ভাব্য সময়ের সঙ্গে মিলিয়ে দেখানোর কোনো ভিত্তি নেই। নির্বাচনের সময়সূচি শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে ঠেকানোর উদ্দেশ্যে নির্ধারণ করা হয়েছে, এমন দাবিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন নয়। চলতি বছরের জুলাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন, তিনি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করছেন। ফলে তার ফেরার পরিকল্পনার সঙ্গে ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচিকে যুক্ত করার দাবিই মূলত যাচাইয়ের বিষয়।
বাংলাফ্যাক্টের বিশ্লেষণে বলা হয়েছে, সম্ভাব্য নির্বাচনী সময়সূচির একটি তারিখকে শেখ হাসিনার ফেরার সময়ের সঙ্গে মিলিয়ে প্রচার করায় পাঠকের কাছে নির্বাচন আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি হতে পারে। প্রতিষ্ঠানটি এ ধরনের তথ্যকে ভিত্তিহীন প্রচারণা হিসেবে চিহ্নিত করেছে।
বাংলাফ্যাক্ট প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই এবং গণমাধ্যম নিয়ে গবেষণা করে।

