বিনোদন ডেস্ক
প্রচারিত হলো হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় ও চর্চিত সেলিব্রেটি টকশো ‘কফি উইথ করণ’-এর নবম ও চূড়ান্ত মৌসুমের প্রথম পর্ব। ওটিটি প্ল্যাটফর্ম জিওহটস্টারে স্ট্রিম হওয়া এই বিশেষ পর্বে উপস্থাপক করণ জোহরের মুখোমুখি হাজির হন বলিউড সুপারস্টার সালমান খান। একই সাথে পর্বে চমক হিসেবে যোগ দেন অভিনেত্রী কারিশমা কাপুর।
দীর্ঘ ২২ বছরের সফর শেষে চলতি মৌসুম দিয়েই নিজের এই জনপ্রিয় চ্যাট শোর ইতি টানছেন পরিচালক ও প্রযোজক করণ জোহর। প্রথম পর্বেই সালমান খানের উপস্থিতি এবং তার সাথে কারিশমা কাপুরের বিশেষ অংশগ্রহণ প্রোগামটির শুরুতেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মহলে।
অনুষ্ঠানে মুখোমুখি আলাপে সালমান ও করণের রসায়ন ছিল দেখার মতো। ব্যক্তিজীবনের বিতর্কিত বিভিন্ন প্রসঙ্গ, ক্যারিয়ারের চড়াই-উতরাই এবং বলিউড ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে বরাবরের মতোই সাবলীল ও রসাত্মক ভঙ্গিতে কথা বলেন সালমান খান। পর্বটির অন্যতম বড় আকর্ষণ ছিল সালমান ও কারিশমা কাপুরের উপস্থিতি, যা নব্বইয়ের দশকের জনপ্রিয় ‘আন্দাজ আপনা আপনা’ বা ‘জুড়ওয়া’র মতো স্মৃতিগুলোকে দর্শকদের সামনে ফিরিয়ে আনে।
দীর্ঘদিন পর করণের সাথে নিজের চ্যাট শোয়ের শেষ সিজনে যুক্ত হওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন সালমান খান। অনুষ্ঠানের র্যাপিড ফায়ার রাউন্ডেও সালমান যথারীতি তার চেনা মেজাজ ও রসবোধ বজায় রাখেন।
উল্লেখ্য, ২০০৪ সালে প্রথম সম্প্রচারিত হওয়া এই টকশোটি ভারতীয় পপ-কালচার ও বিনোদন সাংবাদিকতায় একটি বড় জায়গা দখল করে রেখেছিল। তবে করণের মতে, এবার তিনি কেবল চলচ্চিত্র পরিচালনা ও নতুন গল্প বলার কাজেই পূর্ণ মনোযোগ দিতে চান। আর তাই দীর্ঘ যাত্রার সমাপনীতে প্রথম পর্বের এমন জমকালো পরিবেশনা শোটির বিদায়বেলাকে আরও স্মরণীয় করে তুলেছে।

