বিনোদন ডেস্ক
বিনোদন জগতে তারকা ও ভক্তদের যোগাযোগের নতুন আয়োজন নিয়ে এসেছে সেলিব্রিটি-ফ্যান এনগেজমেন্ট অ্যাপ ‘হ্যালো সুপারস্টারস’। অ্যাপটির আয়োজনে শুরু হয়েছে তারকাদের নিয়ে পডকাস্ট অনুষ্ঠান ‘হ্যালো সুপারস্টারস’। এতে নির্মাতা, অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পীদের সঙ্গে আড্ডায় বসছেন সঞ্চালক খালিদ মাহবুব তুর্য।
বুধবার (১ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানটির বিভিন্ন পর্বে অংশ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, নির্মাতা অনিমেষ আইচ, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, রাশেদ মামুন অপু, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ, শার্লিন ফারজানা, সাবরিন আজাদ ও মডেল তানজিদা জাকির। সংগীতশিল্পীদের মধ্যে রয়েছেন পুলক অধিকারী ও প্রবর রিপণসহ আরও অনেকে।
‘হ্যালো সুপারস্টারস’ মূলত তারকা ও ভক্তদের মধ্যে যোগাযোগের একটি প্ল্যাটফর্ম। এরই ধারাবাহিকতায় পডকাস্ট আয়োজনের মাধ্যমে তারকাদের পেশাজীবনের পাশাপাশি ব্যক্তিগত ভাবনা, জীবনযাপন ও নানা অভিজ্ঞতা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।
অনুষ্ঠানটির সঞ্চালক খালিদ মাহবুব তুর্য। ওপার বাংলার জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডি অনুষ্ঠান ‘মীরাক্কেল’-এর ষষ্ঠ আসরে অংশ নিয়ে পরিচিতি পান তিনি।
‘হ্যালো সুপারস্টারস’ অ্যাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কামরুল আহসান বলেন, তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহ সব সময়ই রয়েছে। প্রিয় তারকাদের সঙ্গে ভক্ত-অনুরাগীদের যোগাযোগের মাধ্যম হিসেবে অ্যাপটির যাত্রায় পডকাস্ট আয়োজন নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে। ব্যবহারকারীদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে আরও নতুন আয়োজন নিয়ে আসার কথাও জানান তিনি।
ইতোমধ্যে পডকাস্টটির বেশ কয়েকটি পর্ব প্রকাশিত হয়েছে। এসব পর্ব দর্শকদের কাছ থেকে সাড়া পাচ্ছে বলেও জানান আয়োজকেরা।
সঞ্চালক খালিদ মাহবুব তুর্য বলেন, তারকা নির্মাতা ও শিল্পীদের জীবনযাপন এবং চিন্তাভাবনা নিয়ে দর্শকদের আগ্রহ রয়েছে। পডকাস্টের মাধ্যমে তারকাদের জীবনের নানা অজানা অধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন তিনি। সামনের পর্বগুলোতেও দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি।

