নিজস্ব প্রতিবেদক
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে দেশজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ। সংঘাত বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কায় মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব পুলিশ ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়। চিঠিটি পাঠানো হয়েছে সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-এর কাছে।
পুলিশ সদর দপ্তরের চিঠিতে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে জড়ো হয়ে পতাকা উত্তোলন এবং ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিলের চেষ্টা করতে পারেন। এ ধরনের কর্মসূচিকে ঘিরে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, সম্ভাব্য এসব কর্মসূচি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে পারে। পুলিশের ওপরও হামলার চেষ্টা হতে পারে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠপর্যায়ে কঠোর নজরদারি এবং নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২০২৪ সালের গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধ এবং ক্ষমতাচ্যূত হবার পর ধারাবাহিক সহিংস কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দলটির নেতাকর্মীদের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণের মাধ্যমে সক্রিয় হওয়ার চেষ্টা করতে দেখা গেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। একই দিনে গণভবনের সামনেও দলটির সহযোগী সংগঠন যুবলীগের একটি ঝটিকা মিছিলের খবর পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে কেন্দ্র করে জননিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সহিংসতা ঠেকাতে মাঠপর্যায়ে পুলিশের উপস্থিতি ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

