নিজস্ব প্রতিবেদক
সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বার্তায় বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট বন্ধ রাখার তথ্য জানায়। ওয়েবসাইটটি কবে নাগাদ পুনরায় চালু করা হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বাসসকে বলেন, নিরাপত্তাঝুঁকির কারণে সম্ভাব্য সাইবার হামলা থেকে সুরক্ষার জন্য ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। এ বিষয়ে এর বেশি কিছু তাঁর জানা নেই। প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার পর ওয়েবসাইটটি পুনরায় চালু করা হবে।

