আন্তর্জাতিক ডেস্ক
সারা জীবন সমুদ্রে ভেসে বিশ্ব ঘুরে বেড়ানোর স্বপ্ন নিয়ে বিলাসবহুল আবাসিক ক্রুজে উঠেছিলেন অনেকে। কেউ কেউ স্থায়ীভাবে বসবাসের আশায় বিক্রি করেছিলেন নিজের বাড়িঘরও। কিন্তু জ্বালানি খরচের অস্বাভাবিক বৃদ্ধি সেই স্বপ্নে বড় ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভিলা ভি রেসিডেনসেস পরিচালিত ‘ভিলা ভি অডিসি’ ক্রুজের বিশ্বভ্রমণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়ায় কম্বোডিয়ায় জাহাজটি থেকে নেমে যেতে হচ্ছে প্রায় ২০০ যাত্রীকে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রতিষ্ঠানটি জানায়, জ্বালানি খরচ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বর্তমান পরিচালনব্যবস্থা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। জাহাজটি এখন কম্বোডিয়ার সিহানুকভিল বন্দরে অবস্থান করছে। কবে নাগাদ আবার যাত্রা শুরু হবে, তা নিশ্চিত নয়।
প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধ শুরুর পর থেকে জাহাজটির জ্বালানি ব্যয় ৩০০ শতাংশের বেশি বেড়েছে। আগে প্রতি কেবিনের বিপরীতে মাসে গড়ে প্রায় ১ হাজার ৮০০ ডলার জ্বালানি খরচ হতো। এশিয়ার কিছু এলাকায় সেই ব্যয় বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক ৬ হাজার থেকে ৮ হাজার ডলারে। জ্বালানি সাশ্রয়ে জাহাজের গতি কমানো এবং বন্দরে বেশি সময় অবস্থানের মতো পদক্ষেপ নেওয়া হলেও ব্যয় সামাল দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
জাহাজটিতে ১৫টি দেশের ২০৩ জন যাত্রী ছিলেন, যাদের অধিকাংশই মার্কিন নাগরিক। এ ছাড়া ছিলেন ১৫৬ জন ক্রু সদস্য। যাত্রীদের জাহাজ থেকে নামিয়ে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার কাজ চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কম্বোডিয়ায় যাত্রীদের সাময়িক আবাসন ও স্থানীয় যাতায়াতের ব্যবস্থা করতে তারা সহায়তা করছে। তবে নিজ নিজ দেশে ফেরার আন্তর্জাতিক যাতায়াত ব্যয় বহনের প্রতিশ্রুতি দেয়নি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মিকেল পেটারসন জ্বালানি ব্যয় মেটাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন। মাসে কেবিনপ্রতি অতিরিক্ত ৫০০ ডলার ফি এবং জ্বালানি সারচার্জ আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে অতিরিক্ত ব্যয় বহনে যাত্রীদের অনীহা রয়েছে। একই সঙ্গে নতুন অর্থায়ন এবং ব্যবসা পুনর্গঠনের পথ খুঁজছে প্রতিষ্ঠানটি। আগামী ৬০ দিনের মধ্যে পুনর্গঠন ও নতুন মূলধন সংগ্রহের বিকল্পগুলো পর্যালোচনার কথা জানিয়েছে তারা। তবে এতে জাহাজটির যাত্রা আবার শুরু হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
সাধারণ পর্যটকবাহী ক্রুজের চেয়ে ‘ভিলা ভি অডিসি’র ধারণা ছিল আলাদা। এতে কয়েক দিনের ছুটির বদলে দীর্ঘমেয়াদে বসবাস করে বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছিল। স্থায়ী আবাসনের জন্য কেবিনের দাম ছিল প্রায় ১ লাখ ২০ হাজার ডলার থেকে ৪ লাখ ৪০ হাজার ডলারের মধ্যে। সুইমিং পুল, রেস্তোরাঁ, বার, জিম ও পিকলবল কোর্টসহ নানা সুবিধার কারণে জাহাজটি সমুদ্রে বসবাস করতে আগ্রহী, বিশেষ করে অবসরজীবন কাটাতে চাওয়া মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল।
২০২৪ সালের অক্টোবরে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট থেকে যাত্রা শুরু করে জাহাজটি। প্রায় সাড়ে তিন বছরে ১৫০টি দেশ ভ্রমণের পরিকল্পনা ছিল এর। তবে যাত্রার শুরুতেই মেরামতজনিত বিলম্বে বেলফাস্টে কয়েক মাস আটকে থাকতে হয়েছিল জাহাজটিকে। পরে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থান ও অস্ট্রেলিয়া ঘুরে এশিয়ায় পৌঁছায় এটি। এবার জ্বালানি ব্যয়ের চাপে বিশ্বভ্রমণ স্থগিত হওয়ায় যাত্রীদের দীর্ঘদিনের পরিকল্পনা অনিশ্চয়তায় পড়েছে।

