আন্তর্জাতিক ডেস্ক
ভোট চুরির অভিযোগে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আন্দোলনের প্রতি সংহতি জানালেও দিল্লিতে আয়োজিত জোটের সমাবেশে অংশ নেবে না ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, নিজেদের স্বতন্ত্র ও নিরপেক্ষ পরিচয় বজায় রাখতেই তাঁরা সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগ দিচ্ছেন না।
শনিবার (৩১ অক্টোবর) দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানান অভিজিৎ দীপকে। রোববার (১ নভেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা।
দীপকে বলেন, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে তাঁদের প্রথম আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জোরালো সমর্থন জানিয়েছিলেন। যুবসমাজের আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য তাঁকে ধন্যবাদ জানাতেই দেখা করতে এসেছেন তিনি।
দীপকের ভাষ্য, সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকাকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার পরও মমতা তাঁদের পাশে ছিলেন। তিনি বলেন, ‘আমাদের প্রথম যন্তর মন্তরের আন্দোলনে দিদি জোরালো সমর্থন জানিয়েছিলেন। যুবসমাজের আন্দোলনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিলেন। সৌরভ ও আশুতোষকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করার পরও দিদি আমাদের পাশে ছিলেন।’
রোববারের সমাবেশে সিজেপি অংশ নেবে কি না, জানতে চাইলে দীপকে বলেন, ভোট চুরির অভিযোগের বিরুদ্ধে আন্দোলনের প্রতি তাঁদের সমর্থন রয়েছে। তবে দল হিসেবে তাঁরা আনুষ্ঠানিকভাবে সমাবেশে যোগ দেবেন না। তাঁর কথায়, ককরোচ জনতা পার্টি একটি স্বাধীন ও নিরপেক্ষ সংগঠন। তাঁরা নিজেদের সেই পরিচয় বজায় রাখতে চান।
দীপকে আরও বলেন, রাজনৈতিক পরিচয় যা-ই হোক, ভোট চুরির বিরুদ্ধে কোনো সংগঠন আন্দোলন করলে সিজেপি তাদের সমর্থন করবে। এ বিষয়ে তিনি বলেন, ‘যে-ই ভোট চুরির বিরুদ্ধে লড়াই করবে, আমরা তাকে সমর্থন করব। সব সংগঠনের পাশেই থাকব আমরা।’
এদিনের বৈঠকে সিজেপির প্রতিষ্ঠাতা ও তরুণ আন্দোলনকারীদের প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনে তাঁদের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
সাংবাদিকদের মমতা বলেন, রোববারের কর্মসূচির প্রতি সিজেপির পূর্ণ সমর্থন রয়েছে। একইভাবে তাঁরাও ওই সংগঠনের পাশে রয়েছেন।

