নিজস্ব প্রতিবেদক
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইরান। তবে এ জন্য আগাম সমন্বয় এবং ইরানি কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জালিল রাহিমি জাহানাবাদি।
বুধবার (৪ নভেম্বর) ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাহাজ চলাচলে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইরান প্রস্তুত।
রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালিতে যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশসহ অন্য কোনো দেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার সরাসরি দায়িত্ব ইরানের পক্ষে নেওয়া সম্ভব নয়। তবে আগাম সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের নিরাপদ পারাপারে সহযোগিতা করা হবে।
বাংলাদেশের জনগণকে মুসলিম ভাই-বোন হিসেবে উল্লেখ করে বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান জালিল রাহিমি। লোহিত সাগর ও হরমুজ প্রণালিতে উত্তেজনার কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ ও মূল্যবৃদ্ধির জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন।
ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার ও জনগণের অবস্থানে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এ বিষয়ে বাংলাদেশের সরকারের অবস্থান যৌক্তিক। ইরান ইস্যুতে বাংলাদেশের মানুষের সমর্থন ও মনোভাবকে ইতিবাচকভাবে দেখছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে জালিল রাহিমি বলেন, তাদের সঙ্গে এমন কোনো সমঝোতা ইরান মেনে নেবে না, যা আত্মসমর্পণের শামিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালালে পূর্ণ শক্তিতে তা প্রতিহত করতে ইরান প্রস্তুত। তবে তেহরান নিজে থেকে কোনো যুদ্ধ বা সংঘাত চায় না বলে দাবি করেন তিনি।
আত্মরক্ষার স্বার্থে ইরান নতুন ড্রোন তৈরি করেছে এবং যেকোনো আক্রমণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। একই সঙ্গে তিনি বলেন, ইরানের জনগণ শিল্প, সংস্কৃতি ও মানবতায় বিশ্বাসী; যুদ্ধ তাদের কাম্য নয়।
মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সঙ্গে ইরানের কোনো বিরোধ নেই বলে দাবি করেন জালিল রাহিমি। তিনি বলেন, আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটি থেকে ইরানের ওপর হামলা না হলে ওই দেশগুলোর বিরুদ্ধে আক্রমণ চালাবে না তেহরান। পবিত্র মক্কা ও মদিনাকে ইরানের ‘রেড লাইন’ উল্লেখ করে পশ্চিমা হস্তক্ষেপ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘মক্কা চুক্তি’ গঠনের প্রস্তাবও দেন তিনি।
ইয়েমেনের হুথি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের সংঘাতের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, এ বিরোধ ইরানের ইসলামি বিপ্লবেরও আগের। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থানের কারণে ইয়েমেনের হুথি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইরাকের হাশদ আল-শাবির প্রতি ইরানের রাজনৈতিক ও আধ্যাত্মিক সমর্থন রয়েছে।
শিয়া-সুন্নি বিভাজনের ভিত্তিতে ইরান সমর্থন নির্ধারণ করে না বলেও দাবি করেন তিনি। হামাস সুন্নি হওয়া সত্ত্বেও ইরান তাদের সমর্থন করছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে তাদেরও সমর্থন দিতে প্রস্তুত ইরান।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল পরাজিত হলেও ইরানবিষয়ক মার্কিন নীতিতে পরিবর্তন আসবে না বলে মনে করেন জালিল রাহিমি। তাঁর মতে, নির্বাচনের ফল যা-ই হোক, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের অবস্থান একই থাকবে।

