আন্তর্জাতিক ডেস্ক
ধর্মীয় কারণে সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনিচ্ছুক মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে সুদমুক্ত বিকল্প ঋণ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামে এ ব্যবস্থায় ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাত্রার ব্যয়ের জন্য অর্থ সহায়তা দেওয়া হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বেশ কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সম্ভাব্য আবেদনকারীদের কাছে এ অর্থায়ন ব্যবস্থার তথ্য প্রচার শুরু করেছে। তবে দেশটির শিক্ষা মন্ত্রণালয় এখনো কর্মসূচিটি চালুর নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি।
প্রস্তাবিত এ ব্যবস্থা ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ নীতির ভিত্তিতে পরিচালিত হবে। এ নীতিতে অংশগ্রহণকারীরা একটি যৌথ তহবিলে অর্থ জমা দেন, যা পরবর্তী সময়ে অন্য অংশগ্রহণকারীদের সহায়তায় ব্যবহার করা হয়। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া অর্থও আলাদা তহবিলে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে এ কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের অর্থায়নে ব্যবহার করা হবে।
প্রচলিত শিক্ষার্থী ঋণের মতোই এ ব্যবস্থায় শিক্ষার্থীদের অর্থ পরিশোধ করতে হবে। তবে সুদের পরিবর্তে তারা তহবিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে দেবেন। সরকারের পরিকল্পনা অনুযায়ী, প্রচলিত ঋণ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থ পরিশোধের পরিমাণ ও সময়সূচি নির্ধারণ করা হবে। ফলে বিকল্প ব্যবস্থায় অংশ নিলে শিক্ষার্থীরা কম অর্থ পরিশোধের সুবিধা পাবেন না।
সরকার জানিয়েছে, বিকল্প এ অর্থায়ন ব্যবস্থা শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না। প্রচলিত শিক্ষার্থী অর্থায়নের যোগ্যতা থাকা সব ধর্মের শিক্ষার্থীই এতে আবেদন করতে পারবেন। ইসলামি অর্থায়ননীতির সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে চালুর আগে স্বাধীন ইসলামি অর্থায়ন বিশেষজ্ঞদের একটি বোর্ডের সনদ নেওয়া হবে।
ইউনিভার্সিটি অব ব্রিস্টল এ ব্যবস্থাকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারের ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জস ও নিউক্যাসল ইউনিভার্সিটিও সম্ভাব্য আবেদনকারীদের এ বিষয়ে তথ্য দিয়েছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি জানিয়েছে, প্রস্তাবিত অর্থায়ন ব্যবস্থা শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত হবে।
ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের কিছু মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষার্থী ঋণ নিতে অনিচ্ছা প্রকাশ করেছেন। তাদের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।
২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, জরিপে অংশ নেওয়া ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বের কথা জানিয়েছিলেন। ৭১ শতাংশ মনে করেছিলেন, বিদ্যমান ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।
তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ ইসলামি শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ কি না, এ বিষয়ে সব ইসলামি আলেমের মত এক নয়। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে অনুমোদন করেছে। ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাদের জন্য, যারা ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে চান না।
এদিকে, বিকল্প অর্থায়ন ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। রিফর্ম ইউকে পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ উদ্যোগের সমালোচনা করে একে ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, ধর্মের ভিত্তিতে আলাদা অর্থায়ন কাঠামো তৈরি করলে সমাজে বিভাজন বাড়তে পারে।
তবে সরকার এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল। সরকারের বক্তব্য, প্রচলিত ও বিকল্প—যে ব্যবস্থাতেই অর্থায়ন নেওয়া হোক, শিক্ষার্থীদের সমপরিমাণ অর্থ একই সময়সূচি অনুযায়ী পরিশোধ করতে হবে।
এ প্রকল্প তৈরিতে ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে সরকারের সঙ্গে কাজ করেছে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, এ কাজে সরকার ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। তবে প্রচলিত শিক্ষার্থী ঋণের মতো এ ব্যবস্থাতেও সব অর্থ পরিশোধ না হওয়ার আর্থিক ঝুঁকি রয়েছে। ফলে অপরিশোধিত অর্থের দায় শেষ পর্যন্ত সরকারি অর্থ ও করদাতাদের ওপর পড়তে পারে।
সরকারের সর্বশেষ বক্তব্য অনুযায়ী, নতুন এ অর্থায়ন ব্যবস্থা ‘লাইফলং লার্নিং এনটাইটেলমেন্ট’ চালুর পর যত দ্রুত সম্ভব কার্যকর করা হবে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ওই নতুন শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। তবে বিকল্প ঋণ কর্মসূচি কবে থেকে আবেদনকারীদের জন্য উন্মুক্ত হবে, তা এখনো নিশ্চিত নয়।

