নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক ঘটনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পৌর এলাকার হাতকোপা এবং বুধবার (১১ নভেম্বর) দুপুরে দক্ষিণ ষোলপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার হীরাপুর গ্রামের মোর্শেদ আলমের ছেলে নূরুল হক এবং সোনারগাঁ পৌরসভার বাসিন্দা আবদুল মান্নানের ছেলে ইলিয়াস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দক্ষিণ ষোলপাড়া এলাকায় চার বছর বয়সী এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নেওয়ার অভিযোগ ওঠে ইলিয়াসের বিরুদ্ধে। সেখানে শিশুটিকে যৌন নিপীড়নের শিকার করার অভিযোগ রয়েছে। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা জানালে তার মা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন।
বুধবার দুপুরে স্থানীয় বাসিন্দারা ইলিয়াসকে তাঁর বাড়ি থেকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, মঙ্গলবার বিকেলে হাতকোপা এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশু চিপস কিনতে নূরুল হকের মুদি দোকানে যায়। এ সময় দোকানের ভেতরে শিশুটিকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বাড়িতে ফিরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে ঘটনা জানায়। পরে শিশুটির স্বজন ও স্থানীয় বাসিন্দারা নূরুল হককে আটক করে পুলিশে খবর দেন।
মঙ্গলবার রাতে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক ঘটনাস্থলে গিয়ে নূরুল হককে গ্রেপ্তার করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেন।
পুলিশ জানায়, দুই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা হয়েছে। বুধবার গ্রেপ্তার দুজনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী এক শিশুর নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। অন্য শিশুকেও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারিক বলেন, শিশুদের ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

