নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চিকিৎসকের অনুপস্থিতিতে নার্সদের মাধ্যমে প্রসব করানোর চেষ্টার সময় গর্ভের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রসূতি সুরমা আক্তার (১৯) গুরুতর অসুস্থ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, সময়মতো চিকিৎসক না আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে এ ঘটনা ঘটে।
সুরমা আক্তার কিশোরগঞ্জের আনিসুর রহমানের স্ত্রী। তাঁরা সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের মানিক টাওয়ারে ভাড়া বাসায় থাকেন। পরিবারের সদস্যদের ভাষ্য, গর্ভধারণের শুরু থেকেই ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সুরমা।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে তীব্র প্রসবব্যথা শুরু হলে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি প্রসব করানোর কথা জানিয়ে স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেয়। কিছুক্ষণ পর স্বাভাবিক প্রসবে একটি শিশুর জন্ম হয়। পরে দ্বিতীয় সন্তানের প্রসবের সময় জটিলতা দেখা দেয়। এ সময় সুরমাকে একটি ইনজেকশন দেওয়া হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সাইনবোর্ড এলাকার প্রো-অ্যাকটিভ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা গর্ভের দ্বিতীয় শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রসূতি সুরমা আক্তারকে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের সিসিইউতে ভর্তি করা হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় লোকজন মা হাসপাতাল অ্যান্ড ল্যাবে গিয়ে ম্যানেজার মাসুদকে মারধর করেন বলে জানা গেছে।
সুরমার শ্বশুর অভিযোগ করেন, চিকিৎসক না এনে নার্সদের দিয়ে প্রসব করানোর কারণেই তাঁর নাতির মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
অভিযোগের বিষয়ে মা হাসপাতাল অ্যান্ড ল্যাবের ম্যানেজার মাসুদ বলেন, চিকিৎসাকালে রোগীর অবস্থা ভালো ছিল। দ্বিতীয় সন্তানও স্বাভাবিকভাবে জন্ম নেবে বলে তাঁরা ভেবেছিলেন। এ কারণে দ্বিতীয় সন্তানের প্রসবের সময় চিকিৎসককে আসতে নিষেধ করেছিলেন বলে জানান তিনি।

