নিজস্ব প্রতিবেদক
জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি জানান, জানুয়ারি মাসের চাহিদা পূরণে এলএনজি কেনার পরিকল্পনা নেওয়া হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বণিক বার্তা আয়োজিত ‘বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল’ শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। গত প্রায় দুই সপ্তাহে লোডশেডিংয়ের পরিমাণও খুব কম ছিল। কোথাও কোথাও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলেও তা জ্বালানি সংকটের কারণে নয়, বরং কারিগরি ত্রুটির কারণে হয়েছে।
সাম্প্রতিক জ্বালানি সংকটের সময়কার পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ)-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাস সরবরাহ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বন্ধ হয়ে যায় অনেক বিদ্যুৎকেন্দ্র। একই সঙ্গে গ্যাসের সংকটে ভোগান্তিতে পড়েন শিল্পকারখানার উদ্যোক্তারাও।
তিনি বলেন, ওই সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়েছে। বিশেষ করে সিঙ্গাপুরের বাজার থেকে এলএনজি কেনার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা বেড়ে ৩১ ডলারে পৌঁছায়।
মন্ত্রী আরও বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয় তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ের প্রায় সমান হয়ে যায়। এ পরিস্থিতিতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়েকটি ইউনিট চালু করা হয়।
বর্তমান চাহিদা বিবেচনায় ডিসেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় এলএনজি কেনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখন জানুয়ারি মাসের চাহিদা মেটাতে জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।

