আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বজুড়ে অ্যাপলের বিভিন্ন সেবায় সাময়িক বিভ্রাটের কারণ ছিল প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সিস্টেম আপডেট। এ ঘটনায় সাইবার হামলার সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে অ্যাপল। একই সময়ে গুগলের জিমেইল সেবা নিয়েও ব্যবহারকারীদের মধ্যে বিভ্রাটের অভিযোগ উঠলেও প্রতিষ্ঠানটি বড় ধরনের কোনো সমস্যার প্রমাণ পায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের ব্যবহারকারীরা অ্যাপল পে, আইক্লাউড, অ্যাপ স্টোর, অ্যাপল মিউজিক ও অ্যাপল সাপোর্ট ব্যবহারে সমস্যার কথা জানান। সেবা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টরে এ নিয়ে হাজার হাজার অভিযোগ জমা পড়ে।
অ্যাপলের সিস্টেম স্ট্যাটাস পেজেও আইক্লাউডে প্রবেশ, অ্যাপ স্টোর, আইক্লাউড মেইল ও অ্যাপল কেয়ারের মতো কয়েকটি সেবায় সমস্যার তথ্য প্রকাশ করা হয়।
অ্যাপলের এক মুখপাত্র জানান, সকালে অভ্যন্তরীণ একটি আপডেটের কারণে কিছু সেবায় বিভ্রাট দেখা দেয়। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় অধিকাংশ সেবা আবার সচল হয়। পরে প্রতিষ্ঠানটি জানায়, তাদের সেবাগুলো স্বাভাবিক অবস্থায় ফিরেছে।
অন্যদিকে, জিমেইল ব্যবহারকারীদের কাছ থেকেও বিভ্রাটের অভিযোগ পাওয়া যায়। তবে গুগলের এক মুখপাত্র জানান, জিমেইলে বড় ধরনের বা ব্যাপক বিভ্রাটের কোনো প্রমাণ তাঁরা পাচ্ছেন না। প্রতিষ্ঠানটির কারিগরি দল পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন স্থানে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাটের ঘটনা ঘটেছে। গত সপ্তাহে মাইক্রোসফট আউটলুক ও অফিসের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যায় পড়েন ব্যবহারকারীরা। এর পর যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) যোগাযোগব্যবস্থায় ত্রুটির কারণে দেশটির বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।
এ ছাড়া সোমবার ইউনাইটেড এয়ারলাইনসের প্রযুক্তিগত সমস্যায় ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। একই সময়ে জেপি মরগান চেজের কিছু ব্যাংকিং সেবাতেও সমস্যা দেখা দেয়। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র বা সমন্বিত সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি।

