নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে হামলা ও ভাঙচুরের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গিয়ে ইউসুফ মোল্লা নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাতে গুরুতর আহত হওয়ার পর বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাতে দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয়। হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করতে গেলে ইউসুফের ওপর হামলা চালানো হয়। তাঁকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
নিহতের স্ত্রী নার্গিস আক্তার জানান, তাঁরা স্বামী-স্ত্রী তক্কার মাঠ এলাকায় শাহিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। স্থানীয় একটি কারখানায় কাজ করতেন ইউসুফ। মঙ্গলবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে হামলার দৃশ্য দেখে তিনি ভিডিও ধারণ করছিলেন। এ সময় হামলাকারীরা তাঁকে কুপিয়ে জখম করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
নার্গিস আক্তার জানান, চিকিৎসকেরা তাঁকে বলেছেন, ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফের মেরুদণ্ডের হাড় ক্ষতিগ্রস্ত হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে। আট মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। বর্তমানে তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বামীর হত্যার বিচার দাবি করে তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।
বাড়ির মালিক দেলোয়ার হোসেন দেলু অভিযোগ করেন, একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁর বাড়িতে হামলা চালানো হয়। তাঁর দাবি, ওই মামলায় ফতুল্লা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান মঙ্গলবার আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁর ছেলের ওপর হামলা করেন। পরে রাতে দলবল নিয়ে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এ সময় ইউসুফ হামলার ভিডিও ধারণ করতে গেলে তাঁকে কুপিয়ে জখম করা হয়। বাড়ি থেকে প্রায় ২০ লাখ টাকা লুটের অভিযোগও করেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন জানান, আদালত এলাকায় দুই পক্ষের বিরোধের জেরে রাতে বাড়িটিতে হামলার ঘটনা ঘটে। হামলার ভিডিও ধারণ করতে গিয়ে ইউসুফ ছুরিকাঘাতের শিকার হন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে ইউসুফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

