নিজস্ব প্রতিবেদক
ভারত নতুন ফাঁদ পেতেছে এবং বাংলাদেশকে ঘিরে নতুন ষড়যন্ত্রে নেমেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। তাঁর অভিযোগ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিরাপদে নেই—এমন প্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তার দায় বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর চাপানোর চেষ্টা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নিপুণ রায়। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে জন্য পাড়ায় পাড়ায় ও মহল্লায় মহল্লায় পাহারা বসানোর আহ্বান জানান তিনি।
গোপালগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আওয়ামী লীগের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বলেও অভিযোগ করেন নিপুণ রায় চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ডের দিকে কোনো দেশের শকুনের চোখ পড়লে এবং থাবা দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহত করতে হবে। কোনো দেশের প্রভুত্ব বাংলাদেশ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
নিপুণ রায় বলেন, ‘ধর্ম যার যার; নিরাপত্তা পাওয়ার অধিকার সবার’—এই নীতিতে দেশ পরিচালনা করছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং ধর্মের ভিত্তিতে নয়, সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

