স্পোর্টস ডেস্ক
দীর্ঘ সংস্কারকাজ শেষে পাঁচ বছরের বেশি সময় পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ঘরোয়া ফুটবল। ঐতিহাসিক এই মাঠে ফেরার দিনে ফেডারেশন কাপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে (এমএফএস) ৩-০ গোলে হারিয়েছে ফর্টিস এফসি লিমিটেড। দিনের অন্য দুই ম্যাচে জয় পেয়েছে আবাহনী লিমিটেড ও চট্টগ্রাম সিটি এফসি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই রহমতগঞ্জের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ফর্টিস। তবে গোলের জন্য প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। কর্নার থেকে ফিরে আসা বল পেয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত ভলিতে গোল করেন নেপালি মিডফিল্ডার আরিক বিস্তা। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ফর্টিস।
বিরতির পরও আক্রমণের ধার বজায় রাখে দলটি। ম্যাচের ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া গাম্বিয়ান ফরোয়ার্ড পা ওমর বাবুর বাঁকানো ফ্রি-কিক সরাসরি জালে জড়ালে ব্যবধান দ্বিগুণ হয়।
ম্যাচে ফেরার চেষ্টা করেও ফর্টিসের সুসংগঠিত রক্ষণ ভাঙতে পারেনি রহমতগঞ্জ। উল্টো দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পা ওমর বাবুর বাড়ানো বল থেকে কাছ থেকে গোল করে ফর্টিসের ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন স্টিফেন চুকউদে।
ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের অন্য ম্যাচে মুন্সীগঞ্জে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫১তম মিনিটে শেখ মোরসালিনের গোলে এগিয়ে যায় আকাশি-নীল দল। ৮৭তম মিনিটে আল আমিনের গোলে জয় নিশ্চিত হয় তাদের।
দিনের অপর ম্যাচে মানিকগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ১-০ গোলে হারিয়েছে চট্টগ্রাম সিটি এফসি। ম্যাচের ৮৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন জাফর ইকবাল। এই জয়ে সাত পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখল করেছে চট্টগ্রামের দলটি।
জাতীয় স্টেডিয়ামে সর্বশেষ ঘরোয়া ফুটবল হয়েছিল ২০২১ সালের সেপ্টেম্বরে। দীর্ঘ বিরতির পর মাঠটিতে ফুটবল ফেরায় ফেডারেশন কাপের এই ম্যাচগুলো বাড়তি গুরুত্ব পেয়েছে।

