নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ভিআইপি লাউঞ্জে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ও অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, মোবারক হোসাইন, নূরুল ইসলাম বুলবুল ও মো. সেলিম উদ্দিনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
এ ছাড়া সিডনি ও অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা, আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন জামায়াত আমির। এসব কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সফরে তাঁর সঙ্গে ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।
এর আগে গত ২০ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। ২৪ নভেম্বর স্থানীয় সময় বিকেলে সিডনির কিংসফোর্ড স্মিথ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশে ফেরার উদ্দেশে রওনা হন তিনি। পূর্বনির্ধারিত সফরসূচিতে মালয়েশিয়া সফরও থাকলেও সেটি সংক্ষিপ্ত করে দেশে ফেরেন বিরোধীদলীয় নেতা।

