সোনারগাঁ সংবাদদাতা
সোনারগাঁয়ে চুনাভর্তি একটি চলন্ত ট্রাকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে আগুন লাগে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকটিতে আগুন ধরেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে চলমান অবৈধ চুনাভর্তি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে চালক দ্রুত গাড়িটি মহাসড়কের পাশে থামান। এতে ট্রাকে থাকা লোকজন তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে চলে যান। আগুনে কিছু চুনা পুড়ে গেলেও স্থানীয় ও ট্রাকে থাকা লোকজন মিলে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
চুনা ভর্তি ট্রাকটি পিরোজপুরের মেঘনা এলাকায় একটি চুনা কারখানা থেকে চুনা নিয়ে সিদ্ধিরগঞ্জে যাচ্ছিল। পথে এই দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ইনচার্জ বিষ্ণুপদ শর্মা জানান, এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল এবং কোনো যানজটের সৃষ্টি হয়নি।

