জাতিসংঘের আসন্ন বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।
ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলের (সিএফএম) ২৩তম বিশেষ অধিবেশনের ফাঁকে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ওই আলোচনাকালেই তিনি বাংলাদেশের সরকারপ্রধানের আসন্ন তুরস্ক সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।
বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা সমসাময়িক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় পক্ষ। বিশেষ করে অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অংশীদারত্ব আরও বিস্তৃত করে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় প্রতিনিধি একমত হন।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বার্ষিক বৈশ্বিক সম্মেলন কপ৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা রোধ, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয়েও আলোচনা হতে পারে।

