নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ভোর ৩টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগরপাড়া কাজীবাড়ি এলাকায় আবুল হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নরসিংদীর মাধবদী এলাকার তামজিদ মিয়া, শাহিন মিয়া, শামিম মিয়া, হৃদয় দাস এবং কুমিল্লার হোমনা এলাকার শরিফ মিয়া।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাহউদ্দিন জানান, ভোর ৩টার দিকে ৮ থেকে ১০ জনের একটি মুখোশধারী দল ধারালো অস্ত্র নিয়ে আবুল হোসেনের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তাঁর ছেলে আলামিন মিয়া ও আল জাবের হোসেনসহ পরিবারের সদস্যদের বেঁধে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে আলমারি ভেঙে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা ও অন্যান্য মালামাল লুট করে নেয়।
পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া সোয়া ৬ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতার এবং লুট হওয়া বাকি মালামাল উদ্ধারে অভিযান চলছে।

