শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধান ফটক-২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়।
পরে বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।
গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরুর প্রথম দিনে রাষ্ট্রপতি তাঁর অফিস কক্ষে অবস্থান করে বিভিন্ন দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন।
পরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বঙ্গভবনের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

