বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, বিএনপির গঠনতন্ত্রের ৭(খ-৬) ধারা অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে।
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিএনপির মহাসচিব পদটি শূন্য হয়। এরপর দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হলো।
রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ার পাশাপাশি এর আগে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বও পালন করেছেন।
নতুন দায়িত্বে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজনৈতিক কার্যক্রমে রিজভী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

