সরকারের নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন এবং একজন মন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আবদুল মঈন খান। এম রশিদুজ্জামান মিল্লাতকে দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব।
সাচিং প্রু জেরি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর আন্দালিব রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া আফরোজা খানমকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মোহাম্মদ শামীম কায়সারকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
নতুন দপ্তর বণ্টন ও পুনর্বণ্টনের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

