নিজস্ব সংবাদদাতা
নিখোঁজের একদিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এশিয়ান হাইওয়ের (ঢাকা বাইপাস) কাঁচপুরের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের বুকের ডান পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত হাবিবুল্লাহ নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোশারফ হোসেন ও নাজমা বেগমের ছেলে। মরদেহের পকেটে থাকা পরিচয়পত্রের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন হাবিবুল্লাহ। এরপর আর বাড়ি ফেরেননি। রাত থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নিহতের ভাগিনা সিফাত জানান, হাবিবুল্লাহ দেওভোগ এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। প্রায় দেড় বছর আগে পড়াশোনা ছেড়ে বাবার সঙ্গে ইলেকট্রিশিয়ানের কাজ শুরু করেন। মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোনারগাঁ থানার তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, এশিয়ান হাইওয়ের ললাটি এলাকায় অলিম্পিক বিস্কুট কারখানার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

