নিজস্ব প্রতিবেদক
আসন্ন পবিত্র রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে দাম সহনীয় পর্যায়ে রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বাকিতে মূল্য পরিশোধের সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধায় চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর আমদানি করা যাবে।
বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-১ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ এ সুবিধা আগামী ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, চাল, গম ও আটা, পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম তেল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর আমদানিতে এ সুবিধা পাওয়া যাবে। এসব পণ্য আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত বিলম্বিত মূল্য পরিশোধের সুযোগ পাবেন ব্যবসায়ীরা। এ জন্য সাপ্লায়ার্স ক্রেডিট অথবা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে।
সাপ্লায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারী আমদানিকারককে নির্দিষ্ট সময়ের জন্য বাকিতে পণ্য সরবরাহ করেন। অন্যদিকে বায়ার্স ক্রেডিটের ক্ষেত্রে বিদেশি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আমদানির মূল্য পরিশোধে অর্থায়ন করে। পরে আমদানিকারক নির্ধারিত সময়ের মধ্যে সেই অর্থ পরিশোধ করেন।
এ ব্যবস্থায় আমদানিকারকদের পণ্য দেশে আসার সঙ্গে সঙ্গে পুরো মূল্য পরিশোধ করতে হবে না। ফলে তাৎক্ষণিক অর্থায়নের চাপ কিছুটা কমবে এবং আগেভাগে পণ্য আমদানির উদ্যোগ নেওয়া সহজ হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী অনুমোদিত ডিলার ব্যাংককে সংশ্লিষ্ট গ্রাহক ও আমদানিকারকদের এ নির্দেশনা জানাতে হবে। এ ছাড়া আমদানি-সংক্রান্ত আগের অন্যান্য বৈদেশিক মুদ্রানীতির নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

