নিজস্ব প্রতিবেদক
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন এবং মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে ব্যস্ততম এই মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং তীব্র দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও পরিবহনচালকেরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে লেভেন্ডার, বে ফুটওয়্যার, পূর্বাণী, লজিক, এটিএস ও লিবাসসহ বেশ কয়েকটি কারখানার প্রায় দুই হাজার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা রাস্তায় বেরিয়ে এসে মহাসড়কে অবস্থান নেন।
আন্দোলনরত শ্রমিকেরা জানান, দীর্ঘদিন ধরে তারা বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবি, বর্তমান বাজারে এই বেতনে জীবনযাত্রা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকালে কর্মমুখী মানুষ ও দূরপাল্লার যাত্রীরা চরম বিপাকে পড়েন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কালিয়াকৈর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালান।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে মৌচাক ও আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মহাসড়কে যান চলাচল সচল করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে কাজ করছে।

