নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মহিলা মাদ্রাসার ছাদে খেলাধুলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী দগ্ধ হয়েছে। দগ্ধদের সবাই শিশু। তাদের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফতুল্লার কাশিপুর দেওয়ান বাড়ি এলাকায় মালেহা মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
দগ্ধ পাঁচ ছাত্রীর বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ বলেন, পাঁচ শিশুর অবস্থাই গুরুতর। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। দগ্ধ ছাত্রীদের সঙ্গে মাদ্রাসার অধ্যক্ষসহ তাদের অভিভাবকেরা হাসপাতালে রয়েছেন।
ঘটনার বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

