নিজস্ব সংবাদদাতা
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটে দুই গাড়ির মাঝে চাপা পড়ে মো. আশরাফ হোসেন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বক্তাবলী ফেরিঘাটে যানবাহন ওঠানামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ হোসেন পূর্ব গোপালনগর বক্তাবলী এলাকার হোসেন মিয়ার ছেলে। তিনি বক্তাবলী ফেরিঘাটে লাইনম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফেরিঘাটে যানবাহন পারাপারের তদারকি করছিলেন আশরাফ। এ সময় একটি কাভার্ডভ্যান পেছনের দিকে সরে গেলে তিনি সেটির পেছনে থাকা একটি ট্রাকের মাঝে আটকা পড়েন। দুই ভারী যানবাহনের চাপে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা আশরাফকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে নৌ-পুলিশের বক্তাবলী ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) সেলিমুজ্জামান জানান, ফেরিঘাটে দায়িত্ব পালনকালে দুটি গাড়ির মাঝে চাপা পড়ে আশরাফ গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

