আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় শনিবার তাঁদের আটক করা হয়েছিল।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে মমতা ও কেজরিওয়ালসহ বিরোধী দলের একাধিক নেতাকে আটক করে পুলিশ। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে জানানো হয়েছে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সন্ধ্যা সোয়া ৬টার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেওয়া হয়। তাঁর সঙ্গে আটক তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদেরও মুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অরবিন্দ কেজরিওয়ালকেও ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে দিল্লির জাফরপুর কালান থানায় নেওয়া হয়েছিল।
মুক্তির পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, দিল্লির যন্তর মন্তরে যাওয়ার পথে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে জোর করে প্রিজন ভ্যানে তুলে বিভিন্ন থানায় ঘোরানো হয়। তাঁর ভাষায়, ওই সময় তাঁদের মনে হচ্ছিল, যেন অপহরণ করা হচ্ছে।
মমতা আরও বলেন, ইন্ডিয়া জোটের কর্মসূচিতে যোগ দেওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। যন্তর মন্তরে যাওয়ার অনুমতি আছে কি না, তা জানতে তাঁরা বাড়ির বাইরে মোতায়েন পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। পুলিশ তাঁদের জানায়, যেতে দেওয়া হবে না এবং পথে আটকে দেওয়া হবে।

