নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ না করে নতুন রাজস্ব খাত সৃষ্টি এবং নাগরিক সেবার মানোন্নয়নকে এবারের বাজেটের প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে নগর ভবন অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ২০২৬-২৭ অর্থবছরের এই বাজেট উপস্থাপন করেন।
বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা।
বাজেট উপস্থাপনকালে সাখাওয়াত হোসেন খান বলেন, নতুন অর্থবছরের বাজেট প্রণয়নে সিটি করপোরেশনের আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত করের বোঝা না বাড়িয়ে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি নতুন আয়ের উৎস সৃষ্টি করে নিজস্ব রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন ও দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে অবকাঠামো উন্নয়ন, সড়ক ও যোগাযোগব্যবস্থা, বিশুদ্ধ পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, প্রাথমিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সংস্কৃতি, ক্রীড়া উন্নয়ন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ, যানজট নিরসন, সড়কবাতির উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তিনির্ভর নাগরিক সেবা সম্প্রসারণে।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।
বাজেট ঘোষণা শেষে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নাগরিক ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

