আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেবেন জয়শঙ্কর। এ সময় তিনি একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন বলে জানানো হয়েছে। গত বছরও মোদি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেননি; সে সময়ও ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন জয়শঙ্কর।
এবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব করছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি ২ জুন ২০২৬ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানও অধিবেশনে অংশ নিচ্ছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
চলমান বৈশ্বিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবারের অধিবেশনের আলোচনায় স্থান পাচ্ছে। জাতিসংঘের ৮১তম অধিবেশনের মূল প্রতিপাদ্য হলো ‘আস্থা পুনর্গঠন, রূপান্তর ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর একটি জাতিসংঘ’।
এ ছাড়া নারী ও মেয়েদের ক্ষমতায়ন এবং লিঙ্গসমতা নিয়েও উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে বিশ্বজুড়ে শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও মানবাধিকারসহ সমসাময়িক আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

