বিনোদন ডেস্ক
তিন দশক আগে মুক্তি পাওয়া বাজ লুহরম্যানের ‘রোমিও + জুলিয়েট’ সিনেমা নতুন প্রজন্মের কাছে শেক্সপিয়রের কালজয়ী প্রেমের গল্পকে নতুনভাবে তুলে ধরেছিল। লিওনার্দো ডিক্যাপ্রিও ও ক্লেয়ার ডেনস অভিনীত সিনেমাটি কেবল দর্শকের মন জয় করেনি, স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছেও শেক্সপিয়রকে করে তুলেছিল আকর্ষণীয়।
১৯৯৬ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে শেক্সপিয়রের চিরায়ত ট্র্যাজেডিকে তুলে ধরা হয় নব্বইয়ের দশকের আধুনিক প্রেক্ষাপটে। ইতালির ভেরোনার বদলে গল্পের পটভূমি করা হয় যুক্তরাষ্ট্রের কাল্পনিক শহর ‘ভেরোনা বিচ’। সেখানে মন্টেগু ও ক্যাপুলেট পরিবারের বিরোধ রূপ নেয় দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর সংঘাতে।
পরিচালক বাজ লুহরম্যান প্রচলিত শেক্সপিয়ারি আবহের বদলে দ্রুতগতির সম্পাদনা, ঝলমলে দৃশ্য, সংবাদমাধ্যমের শিরোনাম, হেলিকপ্টার, গাড়ির ধাওয়া ও দাঙ্গার দৃশ্য ব্যবহার করেন। সিনেমাটির দৃশ্যভাষায় নব্বইয়ের দশকের সংবাদমাধ্যমের উন্মাদনা ও তৎকালীন জনপ্রিয় সংস্কৃতির প্রভাবও স্পষ্ট ছিল।
সিনেমাটির পোশাক ও দৃশ্যসজ্জায়ও ছিল আলাদা পরিকল্পনা। পরিচালক ও তাঁর স্ত্রী এবং পোশাক পরিকল্পক ক্যাথরিন মার্টিন ভেরোনাকে রোদে ঝলমলে সমুদ্রতীরবর্তী শহর হিসেবে কল্পনা করেন। মন্টেগু পরিবারের সদস্যদের হাওয়াইয়ান শার্ট আর ক্যাপুলেটদের কাউবয় ধাঁচের পোশাকে দেখা যায়। আগ্নেয়াস্ত্রেও যুক্ত করা হয় ক্যাথলিক ধর্মীয় প্রতীক।
মেক্সিকো সিটির ইম্যাকুলেট হার্ট অব মেরি চার্চ ও চাপুলতেপেক প্রাসাদসহ বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্য ধারণ করা হয়। মেক্সিকোর ভেরাক্রুজ অঙ্গরাজ্যের বোকা দেল রিও এলাকাও ছিল শুটিংয়ের অন্যতম স্থান।
মুক্তির পর সমালোচকদের একাংশ সিনেমাটিকে অতিরিক্ত চাকচিক্যপূর্ণ ও প্রচলিত ধারার বাইরে বলে সমালোচনা করেন। তবে দর্শকদের আগ্রহে বক্স অফিসে সাফল্য পায় এটি। প্রায় ১ কোটি ৪৫ লাখ ডলার বাজেটে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে আয় করে ১৪ কোটি ৭০ লাখ ডলারের বেশি।
সিনেমাটির জনপ্রিয়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর সাউন্ডট্র্যাকও। দ্য কার্ডিগানস, এভারক্লিয়ার, রেডিওহেড ও গারবেজের গান এতে স্থান পায়। ডেসরি’র ‘আই অ্যাম কিসিং ইউ’ গানটি রোমিও ও জুলিয়েটের মাছের অ্যাকুয়ারিয়ামের পাশে প্রথম দেখা হওয়ার দৃশ্যের সঙ্গে বিশেষভাবে জড়িয়ে যায়। পরে গানটি অনলাইনে বিভিন্ন প্রেমের ভিডিওতে ব্যবহৃত হতে থাকে।
সিনেমাটিতে জুলিয়েট চরিত্রে অভিনয় করেন ক্লেয়ার ডেনস। তখন তাঁর বয়স ছিল ১৭ বছর। শুরুতে চরিত্রটির জন্য নাতালি পোর্টম্যানকে বিবেচনা করা হলেও লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে বয়সের পার্থক্যের কারণে তাঁকে উপযুক্ত মনে করা হয়নি। তখন ডিক্যাপ্রিওর বয়স ছিল ২১ বছর।
মারকিউশিও চরিত্রে হ্যারল্ড পেরিনোর অভিনয়ও দর্শকের নজর কাড়ে। রুপালি পোশাকে তাঁর নাচের দৃশ্যের সঙ্গে ব্যবহার করা হয় কিম মাজেলের ‘ইয়ং হার্টস রান ফ্রি’ গানটি। অন্যদিকে, জন লেগুইজামো অভিনয় করেন টাইবাল্ট চরিত্রে।
সিনেমাটির বিশেষত্ব ছিল শেক্সপিয়রের মূল সংলাপ ও কাহিনি অক্ষুণ্ন রেখে গল্পকে আধুনিক দর্শকের উপযোগী করে তোলা। দ্রুতগতির দৃশ্যায়ন ও সমসাময়িক সংগীতের সঙ্গে শেক্সপিয়রের ভাষার মেলবন্ধন অনেক তরুণ দর্শকের কাছে নাট্যকারের কাজকে নতুনভাবে পরিচিত করে তোলে।
পরবর্তী সময়ে ‘১০ থিংস আই হেট অ্যাবাউট ইউ’ (১৯৯৯), ‘ইজি এ’ ও ‘শি’স দ্য ম্যান’-এর মতো আধুনিক শেক্সপিয়ার-অনুপ্রাণিত সিনেমার ক্ষেত্রেও এ ধরনের উপস্থাপনার প্রভাব দেখা যায়। ২০২৪ সালে ব্রডওয়েতে ‘রোমিও + জুলিয়েট’-এর নতুন মঞ্চায়নেও সিনেমাটির প্রভাবের কথা উঠে আসে।
মুক্তির ৩০ বছর পরও বাজ লুহরম্যানের ‘রোমিও + জুলিয়েট’ আলোচনায় রয়েছে। শেক্সপিয়রের পরিচিত গল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি সিনেমাটি দেখিয়েছে, সময় ও প্রেক্ষাপট বদলালেও প্রেম, দ্বন্দ্ব ও ট্র্যাজেডির মতো বিষয় দর্শকের কাছে আবেদন ধরে রাখতে পারে।

