বিনোদন ডেস্ক
ডিসি কমিকসের জনপ্রিয় খলনায়ককে নিয়ে নির্মিত বড় বাজেটের সিনেমা ‘ক্লেফেস’কে পেছনে ফেলে উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থান ধরে রেখেছে এলিজাবেথ হোমসকে নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘ইউ ক্যান সি এভরিথিং’। মুক্তির তৃতীয় সপ্তাহেও ছবিটির এমন সাফল্য নজর কেড়েছে বিশ্লেষকদের।
৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত সপ্তাহান্তে উত্তর আমেরিকার ৩ হাজার ২৪৩টি প্রেক্ষাগৃহ থেকে ছবিটি আয় করেছে ১ কোটি ৬ লাখ ডলার। এতে মুক্তির পর দেশটিতে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ডলারে।
কমেডিয়ান নাথান ফিল্ডার ও নির্মাতা ল্যান্স ওপেনহাইমের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তথ্যচিত্রটি। এতে উঠে এসেছে থেরানোসের প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের উত্থান, উচ্চাকাঙ্ক্ষা ও প্রতারণার ঘটনা। একসময় তাঁকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও ব্যবসাজগতের অন্যতম সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা মনে করা হতো।
রক্ত পরীক্ষার প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন আনার দাবি করে আলোচনায় এসেছিলেন হোমস। তাঁর প্রতিষ্ঠিত থেরানোসের বাজারমূল্য একপর্যায়ে কয়েক শ কোটি ডলারে পৌঁছেছিল। তবে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও পরীক্ষার ফল নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। পরে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। ২০২২ সালে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। একই বছরের নভেম্বরে তাঁকে ১১ বছর তিন মাসের কারাদণ্ড দেন যুক্তরাষ্ট্রের আদালত।
তথ্যচিত্রটির নির্মাণে তিন বছরের বেশি সময় কাজ করেছেন নাথান ফিল্ডার ও ল্যান্স ওপেনহাইম। হোমসের কারাগারে যাওয়ার আগের সময়কে কেন্দ্র করে ছবিটি নির্মিত হয়েছে। ছবিটির অস্কারে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসির ‘ক্লেফেস’। উত্তর আমেরিকার ৩ হাজার ৪৭৮টি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে ছবিটি আয় করেছে ১ কোটি ৪০ হাজার ডলার। মুক্তির পর দেশটিতে এর মোট আয় দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ডলারে।
জেমস ওয়াটকিনস পরিচালিত হরর সিনেমাটিতে ব্যাটম্যানের পরিচিত খলনায়ক ক্লেফেসের গল্প বলা হয়েছে। ছবিতে এই চরিত্রের আসল নাম ম্যাট হেগেন। ভয়াবহভাবে মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ার পর একটি পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতির আশ্রয় নেন এই উঠতি চলচ্চিত্র তারকা। এরপরই শুরু হয় ভয়ংকর সব ঘটনা।
বক্স অফিসে তৃতীয় স্থানে রয়েছে লাইকার স্টপ-মোশন অ্যানিমেশন সিনেমা ‘ওয়াইল্ডউড’। উত্তর আমেরিকার ৩ হাজার ৫টি প্রেক্ষাগৃহ থেকে সপ্তাহান্তে ছবিটি আয় করেছে প্রায় ৭৪ লাখ ৯০ হাজার ডলার। মুক্তির দ্বিতীয় সপ্তাহ শেষে এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫৯ লাখ ডলারে।
ট্রাভিস নাইট পরিচালিত ছবিটির গল্প এক কিশোরীকে ঘিরে। তার ভাই অপহৃত হওয়ার পর এক সহপাঠীকে সঙ্গে নিয়ে সে প্রবেশ করে এক রহস্যময় জাদুর বনে। প্রায় ১০ কোটি ডলার বাজেটে নির্মিত ছবিটি সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

